জাতীয়
তিস্তা প্রকল্প দ্রুত সম্পন্নে চীনের সম্মতি, কারিগরি সমীক্ষা শেষের আশ্বাস
তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প দ্রুত সম্পন্ন করতে চীন তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আশ্বাস দেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
গতকাল প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎ সৌহার্দপূর্ণ ও গঠনমূলক পরিবেশে সম্পন্ন হয়। বৈঠকে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, তিস্তা প্রকল্পে চলমান কারিগরি সমীক্ষা দ্রুত শেষ করতে চীন আন্তরিকভাবে কাজ করছে। একই সঙ্গে তিনি শিগগিরই প্রকল্প এলাকা পরিদর্শনের আগ্রহও প্রকাশ করেন।
বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করেন। এ সময় বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
আলোচনায় তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পের পাশাপাশি প্রস্তাবিত বাংলাদেশ–চীন মৈত্রী হাসপাতাল নির্মাণ বিষয়টিও গুরুত্ব পায়। দুই দেশই এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দ্বিপক্ষীয় সহযোগিতা নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে।
এ ছাড়া রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের চলমান গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়ার প্রতি চীনের সরকারের অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও সফলভাবে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ প্রকাশ করে বাংলাদেশের জনগণের প্রতি শুভকামনা জানান।