জাতীয়
ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ওয়ারেন্ট রয়েছে ৩৯১টি
ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেলকে ফের গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তাদের বিরুদ্ধে মোট ৩৯১টি গ্রেপ্তারি ওয়ারেন্ট রয়েছে।
ডিবি সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে এই দুইজনকে আটক করে। বিষয়টি মঙ্গলবার (২০ জানুয়ারি) নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
ডিবি সূত্র জানায়, ধানমন্ডি, কাফরুল ও সাভার থানায় দায়ের করা মামলায় শামীমা নাসরিন ও মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে তিনশর মতো গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। শুধু ধানমন্ডি থানার মামলা থেকেই শতাধিক গ্রেপ্তারি পরোয়ানা আছে।
এর আগে, প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে তারা গ্রেপ্তার হন। শামীমা ২০২২ সালের এপ্রিলে এবং রাসেল একই বছরের ডিসেম্বরে জামিনে মুক্তি পান।