জাতীয়

ভিসা বন্ড কাদের লাগবে না জানাল মার্কিন দূতাবাস


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০২:২৬ পিএম

ভিসা বন্ড কাদের লাগবে না জানাল মার্কিন দূতাবাস
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ভিসা বন্ড প্রযোজ্য নয় বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, F অথবা M ভিসায় যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ভিসা বন্ড প্রযোজ্য নয়। কেবলমাত্র নির্দিষ্ট ক্ষেত্রে ব্যবসা ও পর্যটন (B1/B2) ভিসা আবেদনকারীদের ভিসা বন্ড পরিশোধ করতে হতে পারে।

এর আগে সোমবার (১৯ জানুয়ারি) মার্কিন দূতাবাস জানায়, ব্যবসা ও পর্যটনের ক্ষেত্রে অতিরিক্ত সময় অবস্থান রোধে যুক্তরাষ্ট্রে ভ্রমণেচ্ছুক বাংলাদেশিদের জন্য ভিসা পাওয়ার শর্ত হিসেবে সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দেওয়ার নিয়ম কার্যকর হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২১ জানুয়ারি থেকে বাংলাদেশি নাগরিকদের মধ্যে যারা ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের B1/B2 ভিসার জন্য অনুমোদিত হবেন, তাদের ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত বন্ড জমা দিতে হতে পারে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৮ লাখ ৩৫ হাজার টাকা (প্রতি ডলার ১২২ দশমিক ৩১ টাকা হিসাবে)।

তবে ২১ জানুয়ারির আগে ইস্যু করা বৈধ B1/B2 ভিসাধারীদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মার্কিন দূতাবাস ভিসা আবেদনকারীদের সতর্ক করে জানায়, সাক্ষাৎকারের আগে কোনো অবস্থাতেই বন্ড পরিশোধ করা যাবে না। আগাম বন্ড পরিশোধ করলে তা ভিসা পাওয়ার নিশ্চয়তা দেয় না এবং তৃতীয় পক্ষের কোনো ওয়েবসাইট প্রতারণামূলক হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাক্ষাৎকারের আগে পরিশোধ করা কোনো অর্থই ফেরতযোগ্য নয়। তবে ভিসার সব শর্ত যথাযথভাবে অনুসরণ করলে বন্ডের অর্থ পরবর্তীতে ফেরত দেওয়া হবে।

উল্লেখ্য, চলতি বছরের ৬ জানুয়ারি মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশসহ মোট ৩৮টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড বা জামানত জমা দেওয়ার বিধান কার্যকর হবে।