জাতীয়

ওসমান হাদির পরিবারকে ঢাকায় ফ্ল্যাট দেবে সরকার, বরাদ্দ ১ কোটি টাকা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৮:৪৬ পিএম

ওসমান হাদির পরিবারকে ঢাকায় ফ্ল্যাট দেবে সরকার, বরাদ্দ ১ কোটি টাকা
শহীদ শরিফ ওসমান বিন হাদি। ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির পরিবারের জন্য ঢাকায় একটি ফ্ল্যাট কিনতে এক কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। রাজধানীর লালমাটিয়ায় সরকারি কর্মকর্তাদের জন্য নির্মিত ‘দোয়েল টাওয়ার’ আবাসিক ভবনের ১ হাজার ২১৫ বর্গফুটের একটি ফ্ল্যাট ক্রয় ও সুসজ্জিত করার উদ্দেশ্যে এই অনুদান দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপস্থাপিত এ–সংক্রান্ত নথিপত্র অনুমোদন দিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

বিষয়টি নিশ্চিত করে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, শরিফ ওসমান বিন হাদির পরিবারকে ফ্ল্যাট কেনার জন্য অনুদান হিসেবে এক কোটি টাকা দেওয়া হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ফাইল তিনি অনুমোদন করেছেন। সরকারি অর্থে কেনা ফ্ল্যাটটি তার স্ত্রী ও সন্তানরা ব্যবহার করবেন বলেও জানান তিনি।

অর্থ বিভাগের সূত্র জানায়, শরিফ ওসমান বিন হাদির পরিবারের জন্য ফ্ল্যাট কেনার অনুদান দিতে সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে আবেদন করে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগ অনুদান অনুমোদন দিলেও শর্ত হিসেবে তার স্ত্রী ও সন্তানের পরিচয় যাচাই নিশ্চিত করার কথা বলা হয়েছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন শরিফ ওসমান বিন হাদি। নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর ঢাকার পল্টন মডেল থানার বক্স কালভার্ট রোড এলাকায় তাকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ও ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল করিম ভারতে পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ। তার মৃত্যুর পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, রাষ্ট্র তার স্ত্রী ও সন্তানের দায়িত্ব নেবে। এ ঘটনায় এক দিনের রাষ্ট্রীয় শোকও পালন করা হয়।

এদিকে, অন্তর্বর্তী সরকার শরিফ ওসমান বিন হাদির ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক দ্বিতীয় সচিব হিসেবে নিয়োগ দিয়েছে।