জাতীয়
প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল প্রকাশ নিয়ে যা জানাল শিক্ষা অধিদপ্তর
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার লিখিত ফলাফল প্রকাশ নিয়ে নানা আলোচনা চললেও নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। গত রোববার (১৮ জানুয়ারি) ফল প্রকাশের সম্ভাবনার কথা শোনা গেলেও মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত ৯টা পর্যন্ত তা প্রকাশ হয়নি।
তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি সপ্তাহের মধ্যেই ফল প্রকাশের প্রক্রিয়া শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।
সূত্র অনুযায়ী, ফলাফল প্রস্তুতসহ সব কারিগরি কার্যক্রম সম্পন্ন হওয়ার পর প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য চিঠি পাঠানো হয়েছে। যদিও ওই চিঠি এখনো মন্ত্রণালয়ে পৌঁছায়নি, তবু দ্রুত অনুমোদন মিললে যেকোনো সময় ফল প্রকাশ করা হতে পারে।
উল্লেখ্য, গত ৯ জানুয়ারি দেশের ৬১ জেলায় একযোগে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে অংশ নেন ১০ লাখ ৮০ হাজারেরও বেশি প্রার্থী। পরীক্ষার আগের কয়েক দিন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নফাঁসের গুঞ্জন ছড়িয়ে পড়ে, এমনকি কিছু প্রশ্ন ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ঘটনাও আলোচনায় আসে।
এ বিষয়ে গত শনিবার (১৭ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদফতরের পলিসি অ্যান্ড অপারেশনস বিভাগের এক কর্মকর্তা জানান, পরীক্ষার উত্তরপত্র স্ক্যানিংয়ের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে, যা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞ দল সম্পন্ন করেছে। পাশাপাশি ফলাফল প্রণয়নের কাজও অনেকটাই এগিয়ে গেছে।
তিনি আরও বলেন, মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন পাওয়া মাত্রই ফল প্রকাশ করা হবে। পূর্বপরিকল্পনা অনুযায়ী রোববার ফল প্রকাশের কথা থাকলেও তা সম্ভব না হলে ২০ জানুয়ারির মধ্যেই প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। সব প্রস্তুতি সম্পন্ন হওয়ায় এখন কেবল আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষা।