জাতীয়

আজ প্রতীক বরাদ্দ, কাল থেকে শুরু নির্বাচনী প্রচারণা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ০৮:৩৯ এএম

আজ প্রতীক বরাদ্দ, কাল থেকে শুরু নির্বাচনী প্রচারণা
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময়সীমা শেষ হয়েছে। আজ বুধবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন (ইসি)। প্রতীক বরাদ্দের পর আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন।

এ বিষয়ে নির্বাচন কমিশনের জারি করা পরিপত্রে বলা হয়েছে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখের পরদিন অর্থাৎ ২১ জানুয়ারি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ প্রদান করে চূড়ান্ত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করতে হবে। এই তালিকা বাংলা বর্ণানুক্রমে প্রস্তুত ও প্রকাশ করা হবে।

নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি পৃথক ব্যালটে গণভোটও অনুষ্ঠিত হবে।

ইসি সূত্রে জানা গেছে, চলতি নির্বাচনে এখন পর্যন্ত দুই হাজারেরও বেশি প্রার্থী বৈধ হিসেবে চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন। স্বচ্ছ ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠিতব্য এই নির্বাচনে দেশের প্রায় ১২ কোটি ৭৭ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচন কমিশন আশা করছে, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের আস্থা আরও দৃঢ় হবে এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় থাকবে।