জাতীয়
এবার ভোট গণনায় বেশি সময় লাগতে পারে: প্রেস সচিব
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হওয়ায় এবার ভোট গণনার কাজে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, একই দিনে দুইটি ভোট হওয়ায় গণনার প্রক্রিয়া কিছুটা দীর্ঘ হলেও নির্বাচনকে সুষ্ঠু ও স্বচ্ছ করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।
প্রেস সচিব জানান, নির্বাচনের দিন তথ্যের নিরবচ্ছিন্ন প্রবাহ নিশ্চিত করতে চারটি মোবাইল ফোন অপারেটরকে উন্নত মানের ইন্টারনেট সেবা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ২৫ হাজার ৫০০টি বডি অন ক্যামেরা ব্যবহার করা হবে।
তিনি বলেন, এসব ক্যামেরার ফুটেজ একটি বিশেষ সুরক্ষা অ্যাপের সঙ্গে সংযুক্ত থাকবে, যার মাধ্যমে দ্রুত প্রতিক্রিয়া বা কুইক রেসপন্স নিশ্চিত করা সম্ভব হবে।
ভোটের দিন বিদ্যুৎ সরবরাহ নির্বিঘ্ন রাখতে প্রধান উপদেষ্টা প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বলে জানান শফিকুল আলম। একই সঙ্গে সম্প্রতি লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে প্রেস সচিব জানান, সশস্ত্র বাহিনীর সদস্যরা রিটার্নিং কর্মকর্তাদের অধীনে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবেন। এর মধ্যে থাকবে সেনাবাহিনীর এক লাখ সদস্য, নৌবাহিনীর পাঁচ হাজার, বিমান বাহিনীর সাড়ে তিন হাজার সদস্য, ফায়ার সার্ভিসসহ অন্যান্য বাহিনী। পাশাপাশি নজরদারিতে ব্যবহৃত হবে ৫০০টি ড্রোন।
পাবনা-১ ও পাবনা-২ আসন নিয়ে কিছু উদ্বেগের কথা থাকলেও দেশের সব ৩০০ আসনেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশ্বাস দেন তিনি।
শফিকুল আলম জানান, এবারের নির্বাচনে মোট ১ হাজার ৮৪২ জন প্রার্থী বৈধ হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন পরিচালনায় নিয়োজিত থাকবেন ৬৯ জন রিটার্নিং কর্মকর্তা, ৬৫৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ১ হাজার ৪৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। জেলা প্রশাসকরা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন।
এ ছাড়া ‘নির্বাচনী সুরক্ষা’ নামে একটি অ্যাপের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে কাজ করবেন বলে জানান প্রেস সচিব। তার মতে, এই অ্যাপ মাঠপর্যায়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও কার্যকর ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।