জাতীয়

পরকীয়া থেকে ঘুষ: ভয়ংকর অনিয়মের বেড়াজালে বিমান বাংলাদেশ!


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ১১:০০ পিএম

পরকীয়া থেকে ঘুষ: ভয়ংকর অনিয়মের বেড়াজালে বিমান বাংলাদেশ!
ফিরোজ-উজ-জামান এবং জান্নাতুল জেনান। ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আবারও অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আলোচনায় এসেছে। টিকিট ব্যবস্থাপনা ও যাত্রীসেবা নিয়ে দীর্ঘদিনের সমালোচনার পাশাপাশি এবার সংস্থাটিতে যুক্ত হয়েছে কর্মক্ষেত্রে অনৈতিক সম্পর্ক, ক্ষমতার অপব্যবহার ও আর্থিক লেনদেনের অভিযোগ।

বিমানের জুনিয়র গ্রাউন্ড সার্ভিস অফিসার ফিরোজ-উজ-জামান এবং গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট জান্নাতুল জেনানের বিরুদ্ধে সহকর্মীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, দাপ্তরিক শৃঙ্খলা ভঙ্গ, দায়িত্বে অবহেলা ও আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের ভিত্তিতে বিমানের প্রশাসন ও মানবসম্পদ বিভাগ তদন্ত পরিচালনা করে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে বলে জানা গেছে।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, অভিযুক্তরা নিয়মিতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকা, ইউনিফর্ম না পরিধান করা, সহকর্মীদের ওপর প্রভাব খাটানো এবং ডিউটি রোস্টার ও হজ পোস্টিং প্রক্রিয়াকে বাণিজ্যিকভাবে ব্যবহার করার সঙ্গে জড়িত ছিলেন। এছাড়া ঘনিষ্ঠ একটি চক্রের মাধ্যমে অবৈধ আর্থিক লেনদেন পরিচালনার অভিযোগও রয়েছে।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বছরের ২ নভেম্বর ফিরোজ-উজ-জামানকে সাময়িক বরখাস্ত করা হয়। বিমানের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত আদেশে বলা হয়, তার কর্মকাণ্ড বাংলাদেশ বিমান করপোরেশন কর্মচারী (চাকরি) প্রবিধানমালা ১৯৭৯-এর পরিপন্থী। বরখাস্তকালীন সময়ে তাকে খোরপোষ ভাতা প্রদান ও প্রধান কার্যালয়ে নিয়মিত হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, জান্নাতুল জেনানকে ঢাকার পরিবর্তে বিমান বাংলাদেশের যশোর কার্যালয়ে বদলি করা হয়েছে। তাদের বিরুদ্ধে পৃথক দুটি বিভাগীয় মামলাও রুজু করা হয়েছে বলে জানা গেছে।

তদন্তে আরও উঠে এসেছে, ফিরোজ-উজ-জামানের বিরুদ্ধে ২০২৫ সালের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৮৪ লাখ টাকা অবৈধভাবে আদায়ের অভিযোগ রয়েছে। পাশাপাশি, জুনিয়র নারী কর্মীর সঙ্গে অশোভন আচরণ, অননুমোদিত বার্তা প্রেরণ এবং আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগও তদন্তে অন্তর্ভুক্ত হয়েছে।

এই অনিয়মের বিষয়টি সামনে আসে জান্নাতুল জেনানের স্বামীর করা লিখিত অভিযোগের মাধ্যমে। তদন্ত প্রতিবেদনে অভিযুক্তদের বক্তব্য, সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতামত এবং অভিযোগকারীর জবানবন্দি অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিমান বাংলাদেশের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম অভিযোগগুলোর সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষ হলে সরকারি বিধি অনুযায়ী চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, অপরাধের ধরন ও মাত্রা বিবেচনায় নিয়েই সংশ্লিষ্টদের বিরুদ্ধে ভিন্ন ভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।