জাতীয়
বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে ইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও বিদেশি কূটনীতিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ রবিবার (২৫ জানুয়ারি) এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রবিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর একটি অভিজাত হোটেল ওয়েস্টিনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে নির্বাচন কমিশনের সব সদস্য ছাড়াও বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিদেশি মিশনের কূটনীতিক এবং জাতিসংঘের প্রতিনিধিরা অংশ নেবেন।
নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে কমিশনের সার্বিক প্রস্তুতি, নির্বাচন পরিচালনায় স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ভূমিকা ও অংশগ্রহণের বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
ইসি সূত্রে জানা গেছে, এই বৈঠকের মাধ্যমে আন্তর্জাতিক মহলকে নির্বাচন কমিশনের প্রস্তুতি ও অবস্থান সম্পর্কে অবহিত করা হবে এবং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের বিষয়ে কমিশনের অঙ্গীকার তুলে ধরা হবে।