জাতীয়
সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাই আনিসের দেশত্যাগে নিষেধাজ্ঞা
দুর্নীতির অভিযোগে চলমান অনুসন্ধানের কারণে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ভাই আনিস আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত।
রোববার (২৫ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।
দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক সজল হোসেন আদালতে আনিস আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে উল্লেখ করা হয়, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজ ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। পাশাপাশি বিভিন্ন ব্যাংকিং চ্যানেল ও হুন্ডির মাধ্যমে অর্থ পাচার করে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও দুবাইয়ে ব্যবসা পরিচালনা এবং বাড়ি কেনার অভিযোগও অনুসন্ধানাধীন রয়েছে।
দুদক জানায়, এসব অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে আজিজ আহমেদের সহযোগী তার ভাই আনিস আহমেদ দেশত্যাগ করে অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন—এমন তথ্য সংস্থাটির কাছে এসেছে। সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ জরুরি বলে আবেদনে উল্লেখ করা হয়।