জাতীয়

নির্বাচনকালীন সহিংসতার দায় আওয়ামী লীগকে নিতে হবে: অন্তর্বর্তী সরকার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ০৭:৫৯ পিএম

নির্বাচনকালীন সহিংসতার দায় আওয়ামী লীগকে নিতে হবে: অন্তর্বর্তী সরকার
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও নির্বাচনের দিন সংঘটিত সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটলে এর দায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে নিতে হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

রবিবার (২৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে অন্তর্বর্তী সরকার এ হুঁশিয়ারি দেয়।

অন্তর্বর্তী সরকার জানিয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের আগে ও নির্বাচনের দিন যেকোনো ধরনের সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় সংশ্লিষ্ট রাজনৈতিক দলকেই বহন করতে হবে।

বিবৃতিতে বলা হয়, নির্বাচন বানচাল করতে সহিংসতা, নাশকতা বা ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি ভারতের দিল্লিতে একটি জনসভায় উসকানিমূলক বক্তব্য দেওয়ার ঘটনায় অন্তর্বর্তী সরকার বিস্ময় ও উদ্বেগ প্রকাশ করেছে। গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং দেশের শান্তি ও নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। নির্বাচনের পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে বলেও জানানো হয়।