জাতীয়

২৮ জানুয়ারির মধ্যে হজযাত্রীদের বাড়ি ভাড়া করার নির্দেশঃ ধর্ম মন্ত্রণালয়


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ১১:২১ এএম

২৮ জানুয়ারির মধ্যে হজযাত্রীদের বাড়ি ভাড়া করার নির্দেশঃ ধর্ম মন্ত্রণালয়
ছবিঃ সংগৃহিত

চলতি বছরের হজযাত্রীদের বাড়ি ভাড়ার জন্য এখনও অনেক এজেন্সি চুক্তি করেনি। তাই আগামী ২৮ জানুয়ারির মধ্যে সব এজেন্সিকে মক্কা-মদিনায় বাড়ি ভাড়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এ সময়ের মধ্যে বাড়ি ভাড়া না করলে হজযাত্রীরা হজ পালন করতে পারবেন না বলে সম্প্রতি সব লিড ও সমন্বয়কারী এজেন্সিগুলোর কাছে চিঠি পাঠিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

সম্প্রতি ধর্ম মন্ত্রণালয় থেকে ৩০টি লিড এজেন্সির কাছে পাঠানো চিঠিতে বলা হয়, বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি দুটি মাধ্যমে হজযাত্রীরা পবিত্র হজ পালন করবেন। বেসরকারি মাধ্যমে ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী ৩০টি লিড এজেন্সির মাধ্যমে সৌদি আরবে যাবেন। নির্ধারিত সময়ের মধ্যে এজেন্সির হজযাত্রীর বাড়ি ভাড়া সম্পন্ন করার জন্য সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় থেকে বারবার তাগাদা দেওয়া হচ্ছে।

গত ২৩ জানুয়ারি জুম সভায় সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মহাপরিচালক জানিয়েছেন যে এজেন্সি থেকে বাংলাদেশি হজযাত্রীদের জন্য মক্কা ও মদিনায় বাড়ি ভাড়া করার অগ্রগতি অত্যন্ত হতাশাব্যঞ্জক বলে চিঠিতে বলা হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে এজেন্সির যে সংখ্যক হজযাত্রীর বাড়ি ভাড়া হবে না, সে সংখ্যক হজযাত্রী হজ পালন করতে পারবে না বলে উল্লেখ করেছেন সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মহাপরিচালক।