জাতীয়
চাচাকে বাবা সাজিয়ে কোটায় ইউএনও হওয়া কামাল গ্রেপ্তার
মুক্তিযোদ্ধা চাচাকে বাবা পরিচয়ে দেখিয়ে কোটার সুবিধা নিয়ে বিসিএস প্রশাসন ক্যাডারে চাকরি নেওয়ার অভিযোগে নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করতে গেলে ডিএনএ পরীক্ষায় সহযোগিতা না করার অভিযোগে আদালত তার গ্রেপ্তারের নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার এজাহার অনুযায়ী, কামাল হোসেনের প্রকৃত পিতা আবুল কাশেম ও মাতা হাবীয়া খাতুন। তবে তিনি কাগজপত্রে নিজের চাচা, বীর মুক্তিযোদ্ধা আহসান হাবীব ও চাচি সানোয়ারা খাতুনকে পিতা-মাতা হিসেবে উল্লেখ করে মুক্তিযোদ্ধা কোটা সুবিধা গ্রহণ করেন।
এজাহারে আরও বলা হয়, এসএসসি, এইচএসসি থেকে শুরু করে উচ্চশিক্ষার সব সনদ, এমনকি জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রেও তিনি চাচা-চাচির নাম ব্যবহার করেছেন। নবম শ্রেণিতে রেজিস্ট্রেশনের সময় থেকেই এই জালিয়াতির সূত্রপাত হয়। এর মাধ্যমে তিনি ৩৫তম বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে প্রশাসন ক্যাডারে নিয়োগ লাভ করেন বলে অভিযোগ রয়েছে।
এর আগে গত ৪ নভেম্বর দুদকের মহাপরিচালক আক্তার হোসেন জানান, নাচোলের ইউএনও কামাল হোসেনের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা কোটায় প্রতারণার মাধ্যমে বিসিএস ক্যাডার হওয়ার অভিযোগ তদন্তাধীন রয়েছে। তিনি আরও বলেন, ভুয়া মুক্তিযোদ্ধা পরিচয়ে চাকরি ও অন্যান্য রাষ্ট্রীয় সুবিধা নেওয়ার বিষয়ে একাধিক মামলা ও তদন্ত বর্তমানে চলমান।