জাতীয়

২০২৫ সালে বাংলাদেশ নিয়ে ১২৬ ঘটনায় ভুয়া তথ্য ছড়িয়েছে ভারতীয়রা: রিউমার স্ক্যানার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৯:০৮ এএম

২০২৫ সালে বাংলাদেশ নিয়ে ১২৬ ঘটনায় ভুয়া তথ্য ছড়িয়েছে ভারতীয়রা: রিউমার স্ক্যানার
ছবি: সংগৃহীত

২০২৫ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশকে ঘিরে ধারাবাহিকভাবে ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা চালিয়েছে ভারতীয় বিভিন্ন উৎস-এমন তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার।

সংস্থাটির তথ্যমতে, শুধু এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মেই গত বছর অন্তত ১২৬টি ঘটনায় বাংলাদেশ নিয়ে অপতথ্য ছড়ানো হয়েছে।

রিউমার স্ক্যানার জানায়, ২০২৫ সালে প্ল্যাটফর্মভেদে বাংলাদেশসংক্রান্ত ভারতীয় অপতথ্যের বিস্তার ছিল ব্যাপক। এর মধ্যে ফেসবুকে ৫৪টি, ইনস্টাগ্রামে ৩০টি, ইউটিউবে ২৫টি, টিকটকে ১টি এবং ভারতীয় গণমাধ্যমে ৩৮টি ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য শনাক্ত করা হয়েছে। এসব তথ্য মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরির অপচেষ্টা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সংস্থাটি আরও জানায়, ২০২৪ সাল থেকে ভারতীয় গণমাধ্যম ও ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টের পাশাপাশি দেশের ভেতরের কিছু ফেসবুক অ্যাকাউন্ট থেকেও বাংলাদেশকে জড়িয়ে গুজব ও ভুয়া তথ্য প্রচারের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার, খাগড়াছড়ি ইস্যু এবং চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন দল ও সংগঠনকে লক্ষ্য করে এসব অপতথ্য ছড়ানো হয়েছে বলে প্রমাণ মিলেছে।

রিউমার স্ক্যানারের প্রতিবেদনে বলা হয়, ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল ও বিভ্রান্তিকর তথ্য তারা শনাক্ত ও যাচাই করেছে। এসব অপতথ্য শুধু সামাজিক বিভ্রান্তিই নয়, বরং রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা সৃষ্টির ঝুঁকি তৈরি করছে বলেও সতর্ক করেছে প্রতিষ্ঠানটি।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের ধারাবাহিক ভুয়া তথ্য প্রচারণা মোকাবিলায় গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা, ফ্যাক্ট-চেকিং কার্যক্রম জোরদার এবং সাধারণ ব্যবহারকারীদের সচেতনতা বৃদ্ধি এখন সময়ের দাবি।