জাতীয়

নির্বাচনে পেশাদারি আচরণের নির্দেশ সেনাপ্রধানের


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০২:১৪ পিএম

নির্বাচনে পেশাদারি আচরণের নির্দেশ সেনাপ্রধানের
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দায়িত্ব পালনকালে সেনা সদস্যদের পেশাদারি, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য এবং নাগরিকবান্ধব আচরণ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

গতকাল পটুয়াখালী ও খুলনা সফরকালে তিনি এসব নির্দেশনা দেন। সফরকালে তিনি ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েন সেনা সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করেন। এ সময় দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন সেনাপ্রধান।

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সফরকালে সেনাবাহিনী প্রধান বেসামরিক প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন। পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন তিনি।

পরবর্তীতে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়েও অনুরূপ আরেকটি মতবিনিময় সভায় অংশ নেন সেনাপ্রধান। এসব সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আন্তপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।

সফরকালে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং, ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়ার এরিয়া কমান্ডার, ৭ পদাতিক ডিভিশনের জিওসি ও বরিশাল এরিয়ার এরিয়া কমান্ডারসহ সেনাসদর, বরিশাল ও যশোর এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভাগীয় কমিশনার, বেসামরিক প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণমাধ্যম প্রতিনিধিরাও সভায় অংশ নেন।