জাতীয়

জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহ-সভাপতি বাংলাদেশ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ০৩:২৩ পিএম

জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহ-সভাপতি বাংলাদেশ
ছবি: সংগৃহীত

জাতিসংঘের শান্তি বিনির্মাণ কমিশনের (পিবিসি) ২০২৬ সালের সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। শুক্রবার সকালে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বৃহস্পতিবার কমিশনের পাঁচ সদস্যের ব্যুরো নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনের পরপরই কমিশনের ২০তম অধিবেশনের প্রথম সভায় বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে সহ-সভাপতির দায়িত্ব গ্রহণ করে। এ সময় বাংলাদেশ প্রতিনিধিদল এক বিবৃতিতে এই দায়িত্ব অর্পণের জন্য কমিশনের সদস্য দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক শান্তি বিনির্মাণ কার্যক্রমে বাংলাদেশের অঙ্গীকার অব্যাহত থাকবে এবং কমিশনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে দেশটি সক্রিয় ভূমিকা পালন করবে।

২০তম অধিবেশনে মরক্কোকে সভাপতি নির্বাচিত করা হয়েছে। বাংলাদেশ ছাড়াও জার্মানি, ব্রাজিল ও ক্রোয়েশিয়া সহ-সভাপতির দায়িত্ব পেয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি এবং মহাসচিবের পক্ষে তার শেফ ডি ক্যাবিনেট উপস্থিত ছিলেন। তারা বক্তব্যে শান্তি বিনির্মাণ কমিশনের ভূমিকা ও গুরুত্ব তুলে ধরেন।

উল্লেখ্য, শান্তি বিনির্মাণ কমিশন একটি আন্তঃরাষ্ট্রীয় উপদেষ্টা সংস্থা, যা সংঘাত-পরবর্তী ও সংঘাতপ্রবণ দেশগুলোতে টেকসই শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করে। কমিশনটি মোট ৩১টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত, যাদের নির্বাচন করা হয় সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এবং জাতিসংঘের প্রধান সেনা ও অর্থ প্রদানকারী দেশগুলোর মধ্য থেকে।

২০০৫ সালে প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ এই কমিশনের সক্রিয় সদস্য। এর আগে বাংলাদেশ ২০১২ ও ২০২২ সালে কমিশনের সভাপতি এবং ২০১৩ ও ২০২৩ সালে সহ-সভাপতির দায়িত্ব পালন করেছে।