জাতীয়

বাংলাদেশের নির্বাচন উপলক্ষে ৫৭ জন পর্যবেক্ষক পাঠাচ্ছে ১৬ দেশ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ০৬:৩৮ পিএম

বাংলাদেশের নির্বাচন উপলক্ষে ৫৭ জন পর্যবেক্ষক পাঠাচ্ছে ১৬ দেশ
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একইদিন অনুষ্ঠিতব্য গণভোট পর্যবেক্ষণের জন্য ১৬টি দেশ বাংলাদেশের আমন্ত্রণ গ্রহণ করেছে। এসব দেশ থেকে মোট ৫৭ জন আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক বাংলাদেশে আসবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ ছাড়া ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), কমনওয়েলথ এবং গণতান্ত্রিক শাসন ও মানবাধিকার নিয়ে কাজ করা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কয়েক শত পর্যবেক্ষকও নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণে অংশ নেবেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এসব তথ্য নিশ্চিত করেন।

তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ১৪ জন পর্যবেক্ষক পাঠাচ্ছে মালয়েশিয়া। দেশটির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন মালয়েশিয়ার নির্বাচন কমিশনের চেয়ারম্যান দাতো শ্রী রামলান বিন দাতো হারুন। দ্বিতীয় সর্বোচ্চ ১২ জন পর্যবেক্ষক পাঠাচ্ছে তুরস্ক। তুর্কি প্রতিনিধি দলে দেশটির সংসদ সদস্যরা থাকবেন এবং দলের নেতৃত্ব দেবেন বাংলাদেশের সাবেক তুর্কি রাষ্ট্রদূত মেহমেত ভাকুর এরকুল।

এ ছাড়া ইন্দোনেশিয়া থেকে ৫ জন, জাপান থেকে ৪ জন, পাকিস্তান থেকে ৩ জন, ভুটান ও মালদ্বীপ থেকে ২ জন করে, শ্রীলঙ্কা ও ইরান থেকে ১ জন করে, ফিলিপাইন, জর্ডান, জর্জিয়া, রাশিয়া, কিরগিজস্তান ও দক্ষিণ আফ্রিকা থেকে ২ জন করে এবং উজবেকিস্তান থেকে ১ জন পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি নিশ্চিত হয়েছে।

উল্লেখযোগ্য পর্যবেক্ষকদের মধ্যে রয়েছেন পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ জালাল সিকান্দার সুলতান এবং ভুটানের প্রধান নির্বাচন কমিশনার ডেকি পেমা।

নির্বাচন পর্যবেক্ষকদের সমন্বয় কার্যক্রমে সহায়তাকারী সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদ জানান, এখন পর্যন্ত প্রায় ৪০০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষকের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। শিগগিরই আরও কয়েকটি দেশ পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত জানাতে পারে বলেও তিনি আশা প্রকাশ করেন।

এদিকে কমনওয়েলথের ১৪ সদস্যের নির্বাচন পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেবেন ঘানার সাবেক রাষ্ট্রপতি নান্না আকুফো-আডো। এই দলে আরও রয়েছেন মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী জেফ্রি সালিম ওয়াহিদ, সিয়েরা লিওনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডেভিড জন ফ্রান্সিস এবং মালয়েশিয়ার সাবেক সিনেটর রাস আদিবা মোহাম্মদ রাদজি।

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউ ইওএম) প্রধান পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন লাতভিয়ার ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ইভার্স ইজাবস। তাঁর সঙ্গে ইউরোপীয় পার্লামেন্টের আরও অন্তত সাতজন সদস্য মিশনে অংশ নেবেন।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিনে জুলাই সনদের ওপর গণভোটও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবারের নির্বাচনে ৩০০টি সংসদীয় আসনে ৫০টির বেশি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ প্রায় দুই হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।