জাতীয়
তারেক রহমানকে প্রধানমন্ত্রী দেখতে চান ৪৭.৬ শতাংশ ভোটার: জরিপ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার গঠনে বিএনপির সম্ভাবনা দেখছেন দেশের উল্লেখযোগ্য সংখ্যক ভোটার। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং পরিচালিত এক জরিপে উঠে এসেছে, অংশগ্রহণকারীদের ৪৭.৬ শতাংশ বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান।
একই জরিপে ২২.৫ শতাংশ উত্তরদাতা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করেছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে ‘পিপলস ইলেকশন পালস সার্ভে (পিইপিএস) রাউন্ড-৩’-এর ফলাফল প্রকাশ করা হয়। সংবাদ সম্মেলনে জরিপের প্রধান ও ইনোভেশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মো. রুবাইয়াত সারওয়ার মূল তথ্য তুলে ধরেন।
১৬ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত টেলিফোন সাক্ষাৎকারের মাধ্যমে পরিচালিত এই প্যানেল জরিপে দেশের বিভিন্ন প্রান্তের মোট ৫ হাজার ১৪৭ জন ভোটারের মতামত নেওয়া হয়।
ভোটদানে আগ্রহ ও গণভোট সম্পর্কে মতামত-
জরিপে অংশ নেওয়া ৯৩.৩ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, তারা ফেব্রুয়ারির নির্বাচনে ভোট দেবেন। গণভোট সম্পর্কে প্রায় ৬০ শতাংশ উত্তরদাতা 'হ্যাঁ' ভোটের পক্ষে মত দিলেও ২২ শতাংশ এ বিষয়ে অজ্ঞতা প্রকাশ করেন।
নির্বাচন ব্যবস্থাপনায় আস্থা-
জরিপে ৭২.৩ শতাংশ উত্তরদাতা মনে করেন, সরকার একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবে-যা আগের রাউন্ডের তুলনায় বেশি। পুলিশ ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে আস্থা বেড়ে ৭৪.৪ শতাংশে পৌঁছেছে। ৮২ শতাংশ উত্তরদাতা ভোটকেন্দ্রে নিরাপত্তা নিয়ে ইতিবাচক ধারণা পোষণ করেন।
এলাকাভিত্তিক সম্ভাব্য বিজয়ী-
আগামীকাল নির্বাচন হলে নিজ এলাকায় কোন দলের প্রার্থী জিততে পারেন-এমন প্রশ্নে ৫২.৯ শতাংশ উত্তরদাতা বিএনপি প্রার্থীর নাম উল্লেখ করেন। ২৩.৮ শতাংশ এ বিষয়ে অনিশ্চিত। আগের রাউন্ডের তুলনায় বিএনপির সম্ভাব্য বিজয়ী হিসেবে উল্লেখের হার ৭.৫ শতাংশ বেড়েছে।
ভোটারদের সিদ্ধান্ত ও পছন্দ পরিবর্তন-
৭৪.২ শতাংশ উত্তরদাতা কোন দলকে ভোট দেবেন, সে সিদ্ধান্ত নিয়েছেন-যা আগের রাউন্ডগুলোর তুলনায় বেশি। তবে নারী উত্তরদাতাদের ৬৯.৭ শতাংশ এখনো সিদ্ধান্তহীন। ভোট পছন্দের দিক থেকে বিএনপি তাদের মূল সমর্থন ধরে রেখেছে।
আওয়ামী লীগের ভোট বণ্টন আওয়ামী লীগ ভোটারদের ৩২ দশমিক ৯ শতাংশ বিএনপিকে ভোট দেওয়ার সম্ভাবনা প্রকাশ করেছেন। ১৩ দশমিক ২ শতাংশ জামায়াতকে ভোট দিতে পারেন বলে জানিয়েছেন। আর ৪১ দশমিক ৩ শতাংশ এখনো সিদ্ধান্তহীন।
সম্ভাব্য ভোট বণ্টন-
যারা ভোট পছন্দ করেন, তাদের মতে বিএনপি ও তাদের জোট ৫২.৮ শতাংশ ভোট পেতে পারে। জামায়াত ও তাদের জোট পেতে পারে ৩১ শতাংশ ভোট। ১৩.২ শতাংশ উত্তরদাতা তাদের ভোট পছন্দ প্রকাশ করেননি।
জরিপে বলা হয়, তারেক রহমানের দেশে ফেরা এবং খালেদা জিয়ার মৃত্যুর ঘটনায় উল্লেখযোগ্য সংখ্যক সিদ্ধান্তহীন ভোটার বিএনপির দিকে ঝুঁকেছেন। তবে ভোটব্যাংকে অস্থিরতা রয়েছে এবং প্রচারণার ধরন অনুযায়ী দলীয় ব্যবধান কমে আসতে পারে।
সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. আসিফ এম. শাহান, Voices for Reform-এর যুগ্ম আহ্বায়ক ফাহিমা খাতুন, BRAIN-এর নির্বাহী পরিচালক শফিকুল রহমান, রাজনৈতিক বিশ্লেষক জ্যোতি রহমান এবং ইনোভিশন কনসালটিংয়ের পোর্টফোলিও ডিরেক্টর তাসমিয়া রহমান বক্তব্য রাখেন।