জাতীয়
সরকারের নতুন উদ্যোগ, ২০ হাজার টাকায় দেশে ফিরতে পারবেন সৌদি প্রবাসীরা
সৌদি আরবে কর্মরত বাংলাদেশিদের জন্য স্বস্তির খবর দিয়েছে সরকার। বিশেষ উদ্যোগের আওতায় এখন থেকে মাত্র ২০ হাজার ৫০০ টাকা ভাড়ায় দেশে ফেরার সুযোগ পাবেন সৌদি প্রবাসীরা। প্রবাসী কর্মীদের যাতায়াত ব্যয় কমানো এবং বিমান চলাচলকে আরও কার্যকর করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, এই কর্মসূচির আওতায় সৌদি আরব ও বাংলাদেশ রুটে মোট ৮০ হাজার টিকিট বিক্রির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এতে প্রবাসী শ্রমিকরা যেমন উপকৃত হবেন, তেমনি রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও আর্থিকভাবে লাভবান হবে।
তিনি বলেন, হজ মৌসুমে আগে যেসব ফ্লাইট একমুখী ফাঁকা অবস্থায় পরিচালিত হতো, এবার সেগুলোকে বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে। ফলে বিমানের ইতিহাসে প্রথমবারের মতো অতিরিক্ত শত কোটির বেশি টাকার রাজস্ব অর্জনের সম্ভাবনা তৈরি হয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই বিশেষ ব্যবস্থায় মদিনা-ঢাকা ও জেদ্দা-ঢাকা রুটে একমুখী টিকিটের সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০ হাজার ৫০০ টাকা। আর মদিনা-ঢাকা-মদিনা ও জেদ্দা-ঢাকা-জেদ্দা রুটে রিটার্ন টিকিটের সর্বনিম্ন ভাড়া হবে ৪২ হাজার টাকা। বাংলাদেশে আসার ক্ষেত্রে এই ভাড়া কার্যকর থাকবে ১৮ এপ্রিল থেকে ২৫ মে ২০২৬ পর্যন্ত। অন্যদিকে বাংলাদেশ থেকে সৌদি আরবে ফেরার ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে ৩০ মে থেকে ৩০ জুন ২০২৬ সময়কালে।
এই উদ্যোগকে প্রবাসীবান্ধব নীতির একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি এ সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এমন বাস্তবভিত্তিক উদ্যোগ প্রবাসীদের জীবন সহজ করবে বলে মন্তব্য করেন।
তবে অতীত অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধান উপদেষ্টা সতর্ক করে বলেন, সঠিক তদারকি নিশ্চিত না হলে ভালো উদ্যোগও ব্যর্থ হতে পারে। তাই এই সুবিধা যেন শতভাগ কার্যকরভাবে বাস্তবায়িত হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সজাগ থাকার নির্দেশ দেন তিনি।