জাতীয়
হজযাত্রীদের ভিসা আবেদনের জন্য নতুন নির্দেশনা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ২০২৬ সালের হজে নিবন্ধিত যাত্রীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে। স্বাস্থ্য পরীক্ষা ও ফিটনেস সনদ গ্রহণ করে আগামী ২০ মার্চের মধ্যে সৌদি আরবের হজ ভিসার জন্য আবেদন করতে হবে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “২০২৬ সালের হজে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে নিবন্ধনকারী সকল হজযাত্রীকে সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হবে। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণের পর ফিটনেস সনদ গ্রহণ করে ৮ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চের মধ্যে নুসুক মাসার সিস্টেমে ভিসার জন্য আবেদন করতে হবে।”
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, ফিটনেস সনদ ছাড়া কেউ হজে অংশ নিতে পারবে না। দেশের ৬৪টি জেলার সিভিল সার্জন কার্যালয় ছাড়াও ঢাকা ও ঢাকার বাইরের নির্দিষ্ট কিছু বিশেষায়িত হাসপাতালে টিকা ও স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে।
ঢাকা মহানগরীতে স্বাস্থ্য পরীক্ষা করা যাবে এসব কেন্দ্রে:
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল
মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল
কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
সরকারি কর্মচারী হাসপাতাল
সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)
কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল
বাংলাদেশ সচিবালয় ক্লিনিক
গাজীপুর: শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল
চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল
খুলনা: খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল
সিলেট: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল
বগুড়া: ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল
দিনাজপুর: ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল
মন্ত্রণালয় জানিয়েছে, স্বাস্থ্য পরীক্ষার সময় হজযাত্রীদের সঙ্গে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট ও হজ পোর্টাল (www.hajj.gov.bd) থেকে প্রিন্ট করা ই-হেলথ প্রোফাইল রাখতে হবে। হজ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারবেন ১৬১৩৬ নম্বরে।