জাতীয়

রোজায় ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি করবে সরকার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৪ পিএম

রোজায় ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি করবে সরকার
ছবিঃ সংগৃহিত

পবিত্র রমজান মাসে ভোক্তাদের স্বস্তি দিতে সুলভমূল্যে গরুর মাংস বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সময় প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকায় বিক্রি করা হবে।

রবিবার (১ ফেব্রুয়ারি) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে রমজানকেন্দ্রিক ন্যায্যমূল্যে পণ্য বিক্রি সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে সাশ্রয়ী দামে প্রক্রিয়াজাত মুরগির মাংস, দুধ ও ডিম বিক্রির ঘোষণাও দেওয়া হয়েছে।

সভায় জানানো হয়, রমজানে প্রতি কেজি প্রক্রিয়াজাত মুরগির মাংস ২৫০ টাকা, প্রতি লিটার দুধ ৮০ টাকা এবং প্রতিটি ডিম ৮ টাকায় বিক্রি করা হবে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার জানান, গত বছরের তুলনায় এবার ন্যায্যমূল্যের পণ্য বিক্রির স্থান বাড়ানো হবে। তার নির্দেশনায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মোট ৪৮টি স্থানে এসব পণ্য বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান বলেন, রমজান মাসে রোজাদারদের ভোগান্তি কমাতে সরকার প্রতিবছরের মতো এবারও ন্যায্যমূল্যে পণ্য বিক্রির ব্যবস্থা করেছে। গত বছরের তুলনায় এবার আরও বেশি স্থানে পণ্য বিক্রি নিশ্চিত করা হবে। এরই মধ্যে সংশ্লিষ্ট সরবরাহকারী অংশীজনদের সঙ্গে সমন্বয় করা হয়েছে।