জাতীয়

ইনডোর বা কৃত্রিম পদ্ধতিতে ইলিশ চাষের অনুমতি নেই: মৎস্য মন্ত্রণালয়


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩২ পিএম

ইনডোর বা কৃত্রিম পদ্ধতিতে ইলিশ চাষের অনুমতি নেই: মৎস্য মন্ত্রণালয়
ছবি: সংগৃহীত

ইনডোর কিংবা কৃত্রিম পরিবেশে ইলিশ মাছ চাষের বিষয়ে সরকারের কোনো ধরনের অনুমোদন নেই বলে স্পষ্টভাবে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

সোমবার (২ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মামুন হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন পত্র-পত্রিকা, অনলাইন সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ইনডোর বা কৃত্রিম পদ্ধতিতে ইলিশ চাষ সংক্রান্ত যেসব আলোচনা ও তথ্য প্রকাশিত হয়েছে, সেগুলো সরকার গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম (আরএএস) ব্যবহার করে সম্পূর্ণ নিয়ন্ত্রিত ও নিবিড় পরিবেশে ইলিশসহ বিভিন্ন সামুদ্রিক মাছ চাষের সম্ভাবনা নিয়ে গত ১ ফেব্রুয়ারি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতারের সভাপতিত্বে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, মৎস্য অধিদপ্তর এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় সার্বিক আলোচনায় উঠে আসে যে, ইলিশ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য। দেশের নদী ও উপকূলীয় প্রাকৃতিক বাস্তুতন্ত্র, খাদ্য নিরাপত্তা, ঐতিহ্য এবং বিপুলসংখ্যক জেলে ও মৎস্যজীবীর জীবিকার সঙ্গে ইলিশ মাছ ওতপ্রোতভাবে জড়িত। ইলিশের উৎপাদন ও ব্যবস্থাপনা মূলত প্রাকৃতিক প্রজনন চক্র এবং নদীনির্ভর পরিবেশের ওপর নির্ভরশীল হওয়ায় এ সংক্রান্ত যেকোনো উদ্যোগ অত্যন্ত সংবেদনশীল ও নীতিনির্ভর বিষয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সভার আলোচনার প্রেক্ষিতে প্রতীয়মান হয়েছে যে, আরএএস বা অন্য কোনো ইনডোর, সম্পূর্ণ নিয়ন্ত্রিত ও নিবিড় পদ্ধতিতে ইলিশ মাছ চাষের বিষয়ে সরকারের কোনো নীতিগত সিদ্ধান্ত কিংবা অনুমোদন নেই। ফলে এ ধরনের পদ্ধতিতে ইলিশ চাষ বা সংশ্লিষ্ট কোনো কার্যক্রম পরিচালনার জন্য এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হয়নি।

মন্ত্রণালয় জানায়, ইলিশ সংক্রান্ত যেকোনো গবেষণা, পরীক্ষামূলক উদ্যোগ বা প্রযুক্তিগত কার্যক্রম অবশ্যই বিদ্যমান আইন, নীতিমালা ও জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমোদন সাপেক্ষে পরিচালিত হতে হবে। অনুমোদনবিহীন কোনো উদ্যোগ গ্রহণযোগ্য নয়।

এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য বা গুজবে কান না দিয়ে সরকার অনুমোদিত ও নির্ভরযোগ্য তথ্যের ওপর আস্থা রাখার জন্য জনগণসহ সংশ্লিষ্ট সব পক্ষকে অনুরোধ জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।