জাতীয়

জ্বালানি উপদেষ্টার ফোন নম্বর হ্যাকড, ভুয়া আর্থিক অনুরোধে সতর্কতা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০১ পিএম

জ্বালানি উপদেষ্টার ফোন নম্বর হ্যাকড, ভুয়া আর্থিক অনুরোধে সতর্কতা
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের ব্যবহৃত ফোন নম্বর হ্যাকড হয়েছে। বিষয়টি নিয়ে সবাইকে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছেন তিনি নিজেই।

সোমবার (২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে উপদেষ্টা জানান, তার ফোন নম্বর ব্যবহার করে কেউ আর্থিক সহায়তা চাইতে পারে। এ ধরনের কোনো অনুরোধে সাড়া না দেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেছেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, “আমার ফোন নম্বরটি হ্যাকড হয়েছে। আমি কোনো অর্থ সাহায্য চাচ্ছি না। এ ধরনের অনুরোধ উপেক্ষা করুন। ধন্যবাদ।”

প্রসঙ্গত, মুহাম্মদ ফাওজুল কবির খান ২০২৪ সালের ১৬ আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাশাপাশি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বও পালন করছেন।