জাতীয়

চালকদের বদঅভ্যাসের কারণেই দেশে শব্দদূষণ বাড়ছে: রিজওয়ানা হাসান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৭ পিএম

চালকদের বদঅভ্যাসের কারণেই দেশে শব্দদূষণ বাড়ছে: রিজওয়ানা হাসান
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, অযথা হর্ন বাজানো শুধুই বিরক্তিকর নয়, এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। তিনি বলেন, “চালকদের বদঅভ্যাসের কারণে দেশে শব্দদূষণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। নীরব এলাকায় অযথা হর্ন বাজালে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মহানগর পুলিশ আয়োজিত “হর্ন বাজানো ও শব্দদূষণ প্রতিরোধ” বিষয়ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও জানান, বর্তমান অন্তর্বর্তী সরকার শব্দদূষণ রোধে একটি আইন প্রণয়ন করেছে, যা আগের কোনো সরকার করেছিল না। এই আইন বাস্তবায়নের মাধ্যমে শব্দদূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পরিবেশ উপদেষ্টা বলেন, “ঢাকার যেসব এলাকা নীরব এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে, সেগুলো নির্বাচনের পর নতুন সরকার বাস্তবায়ন করবে।” তিনি অযথা হর্ন বাজানো বন্ধ করতে জরিমানা এবং শাস্তির আওতায় আনার ওপরও বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “আইন কঠোরভাবে প্রয়োগ করা হলে শব্দদূষণ এবং অপ্রয়োজনীয় হর্ন বাজানো অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।”

সৈয়দা রিজওয়ানা হাসান আরও সবাইকে সতর্ক করে বলেন, “শুধু সচেতনতা নয়, আইন প্রয়োগও জরুরি। চালকদের অসভ্য বা অযথা হর্ন বাজানোর প্রবণতা বন্ধ করতে আমাদের সকলের সহযোগিতা প্রয়োজন।”