জাতীয়

বাংলাদেশ এক ধরনের ক্রান্তিলগ্নে রয়েছে: আলী রীয়াজ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১১ পিএম

বাংলাদেশ এক ধরনের ক্রান্তিলগ্নে রয়েছে: আলী রীয়াজ
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ বর্তমানে এক ধরনের ক্রান্তিলগ্নের মধ্য দিয়ে যাচ্ছে। এই সংকট থেকে উত্তরণে গণভোট ও জাতীয় ঐক্য অপরিহার্য-এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ। তিনি বলেন, জুলাই জাতীয় সনদ রক্ত দিয়ে লেখা মানুষের স্বীকৃত ঋণ।

মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। আলী রীয়াজ জানান, যোগ্যতা ও মেধার ভিত্তিতে সরকারি চাকরিতে প্রবেশ নিশ্চিত করতে গণভোটের মাধ্যমে জনগণের মতামত প্রতিষ্ঠা করা জরুরি।

তিনি আরও বলেন, ন্যূনতম ভোটাধিকার নিশ্চিত করতে জুলাই জাতীয় সনদের কোনো বিকল্প নেই। দীর্ঘদিন ধরে বিচার বিভাগ কাগজে-কলমে স্বাধীন থাকলেও বাস্তবে তা কার্যকর হয়নি উল্লেখ করে তিনি বলেন, বিচার বিভাগকে সত্যিকারের স্বাধীন করতে সংবিধান সংশোধন জরুরি।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার প্রসঙ্গে আলী রীয়াজ স্পষ্ট করে বলেন, এটি কোনো তত্ত্বাবধায়ক সরকার নয়, বরং একটি অন্তর্বর্তী সরকার। যারা একে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে উল্লেখ করছেন, তারা ভুল ব্যাখ্যা দিচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

দেশের ভবিষ্যৎ নির্মাণের দায়িত্ব জনগণের- এ কথা উল্লেখ করে আলী রীয়াজ বলেন, জনগণকে স্পষ্ট পথরেখা দেখাতে হবে। তিনি আরও বলেন, এক ব্যক্তির ইচ্ছায় যেন আর কখনো দেশের মৌলিক অধিকার ধ্বংস না হয়, সে কারণেই জুলাই জাতীয় সনদ অপরিহার্য।