জাতীয়

দুর্গম ২৭ ভোটকেন্দ্রের নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪০ এএম

দুর্গম ২৭ ভোটকেন্দ্রের নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ির পানছড়ি ও দীঘিনালা উপজেলার দুর্গম ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নির্বাচনকালীন যেকোনো ধরনের সহিংসতা, নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে সীমান্ত ও পাহাড়ি অঞ্চলে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

শুক্রবার বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, পানছড়ি ব্যাটালিয়নের (৩ বিজিবি) দায়িত্বপূর্ণ ২১ দশমিক ৮ কিলোমিটার সীমান্ত এলাকা এবং পানছড়ি ও দীঘিনালা উপজেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে।

নির্বাচনী দায়িত্বের অংশ হিসেবে পানছড়ি উপজেলার ২৫টি এবং দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের ১টি ভোটকেন্দ্রসহ মোট ২৬টি ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি দীঘিনালা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা নড়াইছড়িতে অবস্থিত একটি হেলি-সাপোর্টেড ভোটকেন্দ্রেও সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে মোট ২৭টি দুর্গম ভোটকেন্দ্র কঠোর নিরাপত্তা বেষ্টনীর আওতায় এসেছে।

এ লক্ষ্যে গত ৩০ জানুয়ারি পানছড়ি উপজেলায় চারটি বেইজ ক্যাম্প স্থাপন করে ৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। মোতায়েনকৃত সদস্যরা যানবাহন, পায়ে হেঁটে এবং নদীপথে নিয়মিত ডমিনেশন টহল পরিচালনা করছেন। একই সঙ্গে ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় ড্রোন নজরদারি, বডি ওর্ন ক্যামেরা এবং আধুনিক রায়ট কন্ট্রোল সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে।

নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে লোগাং বিজিবি ক্যাম্প ও গিলাতলী বিওপি এলাকায় দুটি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এসব চেকপোস্টে তল্লাশি কার্যক্রম চালিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের ওপর নজরদারি বাড়ানো হয়েছে।

ভোটাররা যাতে নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি জনসংযোগ কার্যক্রম, জনসচেতনতামূলক উদ্যোগ, ঝুঁকি বিশ্লেষণ এবং অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিত টহল পরিচালনা করছে।

বিজিবি সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে উপকূলীয় ৬টি উপজেলা ব্যতীত মোট ৪৮৯টি উপজেলায় ৩৭ হাজারেরও বেশি বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করছে।

বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ উল্লেখ করে জানানো হয়, ভোটারদের ভোটাধিকার সুরক্ষা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বাহিনী অগ্রণী ভূমিকা পালন করবে।