জাতীয়
আজই সম্ভবত শেষ প্রেস কনফারেন্স: শফিকুল আলম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে নিয়মিত প্রেস ব্রিফিং আয়োজন করা হয়। ব্রিফিং চলাকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মন্তব্য করেন, আজকের ব্রিফিংটিই সম্ভবত শেষ।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এই ব্রিফিংয়ে তিনি বলেন, গত ১৮ মাসে সরকার সব সময়ই সংবাদ ও তথ্য যত দ্রুত সম্ভব গণমাধ্যমের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে। প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনার ক্ষেত্রে সরকারের অবস্থান স্পষ্টভাবে জানানো হয়েছে।
শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টার ফেসবুক পেজের মাধ্যমে সব ধরনের তথ্য নিয়মিত প্রকাশ করা হয়েছে। তার ভাষায়, এমন কোনো সংবাদ নেই, যা ওই পেজে শেয়ার করা হয়নি। তিনি আরও উল্লেখ করেন, পেজটি থেকে ন্যূনতম ২০ কোটি ভিউ পাওয়া গেছে।
প্রেস সচিব বলেন, প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের অধিকাংশ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং বিভিন্ন সময় গণমাধ্যমের সব প্রশ্ন নেওয়ার বিষয়ে আন্তরিকতা বজায় রাখা হয়েছে।
এ সময় প্রেস উইংয়ের সদস্য আজাদ মজুমদার বলেন, প্রেস উইং সাংবাদিকদের সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করেছে এবং গণমাধ্যমের পক্ষ থেকেও সহযোগিতা পাওয়া গেছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী সপ্তাহে তারা টেবিলের অপর পাশে সাংবাদিকদের সঙ্গেই থাকবেন।
প্রেস উইংয়ের আরেক সদস্য ফয়েজ আহমদ বলেন, আমাদের কোনো আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে সে জন্য দুঃখ প্রকাশ করছি।