জাতীয়
নতুন সরকারের প্রতি অগ্রিম শুভকামনা উপদেষ্টা ফাওজুল কবিরের
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের শেষ কর্মদিবসের প্রেক্ষাপটে নতুন সরকারের প্রতি অগ্রিম শুভকামনা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান। একই সঙ্গে নির্বাচনের পর নৈতিক কারণে নির্বাহী ক্ষমতা প্রয়োগ থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে ফাওজুল কবির খান জানান, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে তার কার্যদিবস শেষ হয়েছে। তবে আইন অনুযায়ী নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ পর্যন্ত তিনি দায়িত্বে বহাল থাকবেন। তা সত্ত্বেও নির্বাচনের পর নৈতিক বিবেচনায় আর কোনো নির্বাহী ক্ষমতা ব্যবহার করবেন না বলে উল্লেখ করেন তিনি।
পোস্টে তিনি বলেন, জাতির সেবা করার সুযোগ পাওয়া যে কোনো নাগরিকের জন্য সৌভাগ্যের বিষয়। এ সুযোগের জন্য মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। দায়িত্ব পালনকালে সচিব, দপ্তর ও কোম্পানি প্রধানসহ সংশ্লিষ্ট সকল সহকর্মীর সহযোগিতার কথাও উল্লেখ করে তাদের প্রতি ধন্যবাদ জানান।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে ফাওজুল কবির খান আশা প্রকাশ করেন, ভোট হবে অবাধ, সুষ্ঠু, সহিংসতামুক্ত ও উৎসবমুখর। তিনি বলেন, যে দল বা জোটই নির্বাচনে বিজয়ী হোক না কেন, জাতি হিসেবে তাদের পাশে দাঁড়ানো উচিত। নতুন সরকারের সাফল্য কামনা করেন জ্বালানি উপদেষ্টা।