জাতীয়

নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৬ পিএম

নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে অনুষ্ঠিত গণভোট শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ এক বিবৃতিতে তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছেন।

ভোটগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা বলেন, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ নির্বাচনী প্রক্রিয়াকে সফল করেছে। প্রার্থীদের সংযম ও নির্বাচন-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পেশাদারত্ব গণতন্ত্রের প্রতি দেশের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করেছে বলেও তিনি উল্লেখ করেন। জনগণ সাংবিধানিক অধিকার প্রয়োগের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণে সক্রিয় ভূমিকা রেখেছেন বলে মন্তব্য করেন তিনি।

অধ্যাপক ইউনূস নির্বাচন কমিশন, সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, পর্যবেক্ষক দল, গণমাধ্যমকর্মী এবং ভোটগ্রহণে সম্পৃক্ত কর্মকর্তা-কর্মচারীদের বিশেষভাবে ধন্যবাদ জানান। তাদের নিষ্ঠা ও পরিশ্রমের ফলেই বৃহৎ এই গণতান্ত্রিক আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে বলে তিনি বলেন।

চূড়ান্ত ফলাফল ঘোষণার পর রাজনৈতিক দল ও প্রার্থীদের গণতান্ত্রিক শালীনতা ও সহনশীলতা বজায় রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। মতের ভিন্নতা থাকা সত্ত্বেও জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশ আবারও প্রমাণ করেছে—জনগণই সকল ক্ষমতার উৎস। তার ভাষ্য অনুযায়ী, এ নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর। এই ধারা অব্যাহত থাকলে গণতন্ত্র আরও উৎকর্ষের শিখরে পৌঁছাবে। গণতন্ত্রকে শক্তিশালী করার অভিযাত্রায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।