জাতীয়

গণভোটের সংখ্যা নিয়ে অ্যাক্টিভিস্ট তুষারের তথ্য ভিত্তিহীন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৬ পিএম

গণভোটের সংখ্যা নিয়ে অ্যাক্টিভিস্ট তুষারের তথ্য ভিত্তিহীন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং
ছবি: সংগৃহীত

গণভোটের ভোটসংখ্যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি দাবিকে ভিত্তিহীন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সিএ প্রেস উইংয়ের ফ্যাক্ট পেজ থেকে দেওয়া এক পোস্টে বলা হয়, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে ভোটের সংখ্যা নিয়ে অনলাইনে প্রচারিত তথ্য সঠিক নয়।

সম্প্রতি অনলাইন অ্যাক্টিভিস্ট আব্দুন নূর তুষার তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে দাবি করেন, গণভোটে ‘হ্যাঁ’ ও ‘না’ মিলিয়ে মোট ৩ কোটি ২৫ লাখ ভোট পড়েছে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, নির্বাচনে ভোট দিয়েছেন ৭ কোটি ৬৬ লাখ মানুষ। এ দুই তথ্যের মধ্যে পার্থক্য দেখিয়ে তিনি প্রশ্ন তোলেন, বাকি ৪ কোটি ৪১ লাখ ভোট কোথায় গেল।

তবে নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেট যাচাই করে দেখা যায়, গণভোটে মোট কাস্ট হওয়া ভোটের সংখ্যা ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩টি। এর মধ্যে অনিয়ম বা ভুল পদ্ধতিতে ভোট দেওয়ার কারণে বাতিল হয়েছে ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭টি।

গেজেট অনুযায়ী, বৈধ ভোটের সংখ্যা দাঁড়ায় ৭ কোটি ২ লাখ ৭২ হাজার ৩৮৬টি।

প্রেস উইং জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যটি প্রকৃত পরিসংখ্যানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। নাগরিকদের বিভ্রান্ত না হয়ে সরকারি প্রকাশিত তথ্য যাচাই করে দেখার আহ্বান জানানো হয়েছে।