জাতীয়

“এখন আমার যাওয়ার পালা” জাতির উদ্দেশে বিদায়ী ভাষণে প্রধান উপদেষ্টা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৩ এএম

“এখন আমার যাওয়ার পালা” জাতির উদ্দেশে বিদায়ী ভাষণে প্রধান উপদেষ্টা
ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন শেষে জাতির কাছ থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ছাত্র-জনতার অনুরোধে দায়িত্ব গ্রহণ করলেও এখন সেই দায়িত্ব থেকে সরে যাওয়ার সময় এসেছে।

সোমবার রাত ৯টা ১৫ মিনিটে জাতির উদ্দেশে দেওয়া এক আবেগঘন ভাষণে তিনি বলেন, “গণঅভ্যুত্থানের পর ছাত্র-জনতার আহ্বানে ১৮ মাস আগে আমি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করি। আজ আমি আমার কাজ শেষ করে আপনাদের কাছ থেকে বিদায় নিতে এসেছি। এখন আমার যাওয়ার পালা।”

ভাষণে ৫ আগস্টের গণঅভ্যুত্থানের স্মৃতি তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, “সেদিনটি ছিল এক মহামুক্তির দিন। কী অসাধারণ আনন্দের দিন ছিল! দেশের ভেতরে ও বাইরে থাকা বাংলাদেশিরা আনন্দে চোখের পানি ফেলেছিল। তরুণ ছাত্রছাত্রীরা এক ভয়ংকর দানবীয় গ্রাস থেকে দেশকে মুক্ত করে এনেছে। দেশ তখন মুক্ত হলেও বাস্তবতায় ছিল সম্পূর্ণ অচল।”

তিনি আরও বলেন, “দেশকে কীভাবে আবার সচল করা যায়- এই প্রশ্নই তখন সবার মনে ছিল। অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতারাই সিদ্ধান্ত নেন, দেশ পরিচালনার জন্য একটি অন্তর্বর্তী সরকার প্রয়োজন। সরকার গঠন ও পরিচালনার দায়িত্ব নিতে তারা আমাকে অনুরোধ জানায়। তখন আমি দেশের বাইরে ছিলাম এবং শুরুতে দায়িত্ব নিতে রাজি হইনি। কিন্তু তারা জাতির প্রতি কর্তব্য পালনের কথা স্মরণ করিয়ে দিলে শেষ পর্যন্ত আমি রাজি হই।”

ড. ইউনূস বলেন, “আজ ১৮ মাস পর সেই দায়িত্ব শেষ হয়েছে। আজ বিদায়ের দিনে আমি আপনাদের সামনে এসেছি আমার কাজের সমাপ্তি ঘোষণা করতে।”

এর আগে সোমবারই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তিনি তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বিদায়ী ভাষণ দেন। ভাষণ শেষে তিনি সেখানে কর্মরত সকলের সঙ্গে স্মৃতিচারণমূলক ফটোসেশনে অংশ নেন।