জাতীয়

অন্তর্বর্তী সরকার বিলুপ্ত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৪ পিএম

অন্তর্বর্তী সরকার বিলুপ্ত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
ছবি: সংগৃহীত

দেশের অন্তর্বর্তী সরকার বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সংবিধান অনুযায়ী তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা দুটি পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

অন্তর্বর্তী সরকার ভেঙে দেওয়ার প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন সংসদ সদস্য জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছেন রাষ্ট্রপতি। তাঁর নেতৃত্বে নতুন সরকার গঠনের সম্মতি প্রদান করা হয়েছে। নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে বিদ্যমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ বিলুপ্ত হয়েছে বলে গণ্য হবে।

capture-1771344965.jfif

অন্য প্রজ্ঞাপনে জানানো হয়, সংবিধানের একই অনুচ্ছেদের আলোকে রাষ্ট্রপতি মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ / ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জনাব তারেক রহমানকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী পদে নিয়োগ প্রদান করেছেন।

ট.jfif

এর মাধ্যমে অন্তর্বর্তী সরকারের অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল এবং নতুন সরকারের যাত্রা শুরু হলো।