জাতীয়
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পেলেন আব্দুস সাত্তার
সরকার সাবেক সচিব এবিএম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ দিয়েছে। চুক্তিভিত্তিক এই নিয়োগ এক বছরের জন্য কার্যকর হবে বলে জানানো হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর তিনি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, দায়িত্ব পালনকালে তিনি অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারবেন না। নতুন দায়িত্ব গ্রহণের আগে তাকে বিদ্যমান সব কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে।
এছাড়া নিয়োগের বিস্তারিত শর্তাবলি পৃথক চুক্তির মাধ্যমে নির্ধারণ করা হবে বলে উল্লেখ করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
প্রশাসনিক অভিজ্ঞতা ও দক্ষতার জন্য পরিচিত এবিএম আব্দুস সাত্তার পূর্বেও সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।