জাতীয়

নতুন চাকরি পেলেন সদ্যসাবেক প্রেস সচিব শফিকুল আলম


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪০ পিএম

নতুন চাকরি পেলেন সদ্যসাবেক প্রেস সচিব শফিকুল আলম
সদ্যসাবেক প্রেস সচিব শফিকুল আলম। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সদ্যসাবেক প্রেস সচিব শফিকুল আলম নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন। বুধবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে শফিকুল আলম লেখেন, তিনি নতুন ইংরেজি সংবাদপত্র 'দ্য ডেইলি ওয়াদা'-এর সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এবং সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেন।

এর আগে দেশে নতুন সরকার গঠনের পর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। একই সঙ্গে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ বন্ধের ঘোষণাও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। পরে ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূস-কে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়।

সর্বশেষ ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর কাছ থেকে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেন।