জাতীয়

সবার জন্য উন্মুক্ত হবে বাংলাদেশের অর্থনীতি : অর্থমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৪ পিএম

সবার জন্য উন্মুক্ত হবে বাংলাদেশের অর্থনীতি : অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

পৃষ্ঠপোষকতার অর্থনীতি আর চলতে দেওয়া হবে না বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেছেন, বাংলাদেশের অর্থনীতিকে গণতান্ত্রিক করতে হবে, যাতে এর সুফল দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছায়। স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠার মাধ্যমে অর্থনীতিকে সবার জন্য উন্মুক্ত করা হবে।

বুধবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে প্রথম দিনের অফিস শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, দেশের বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান বর্তমানে খুবই নাজুক অবস্থায় রয়েছে। এসব প্রতিষ্ঠানকে পুনরুদ্ধার ও কার্যকর (রিএকটিভ) করাই হবে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। এজন্য প্রতিষ্ঠানে পেশাদার ব্যবস্থাপনা নিশ্চিত করা, স্বচ্ছতা বাড়ানো এবং দক্ষতা বৃদ্ধি করা জরুরি। এসব উপাদান অনুপস্থিত থাকলে যত বড় কর্মসূচিই নেওয়া হোক না কেন, কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

অর্থমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের অর্থনীতি হতে হবে সবার জন্য। এখানে একটি ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে হবে, যাতে রাজনৈতিক বা অন্য কোনো পৃষ্ঠপোষকতার ভিত্তিতে কেউ অতিরিক্ত সুবিধা না পায়। দেশের প্রতিটি নাগরিক যেন সমানভাবে অর্থনীতিতে অংশগ্রহণের সুযোগ পায় এবং অর্থনৈতিক উন্নয়নের সুফল ভোগ করতে পারে- সেটিই সরকারের লক্ষ্য।

তিনি জানান, এই লক্ষ্য অর্জনে অর্থনীতিতে বিদ্যমান অতিরিক্ত সরকারি নিয়ন্ত্রণ কমাতে হবে। বাংলাদেশ বর্তমানে ওভার-রেগুলেটেড অবস্থায় রয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, পৃষ্ঠপোষকতামূলক রাজনীতির কারণেই এই অতিরিক্ত নিয়ন্ত্রণ তৈরি হয়েছে। এখন সময় এসেছে সিরিয়াসলি ডিরেগুলেটেড করার- অর্থাৎ অপ্রয়োজনীয় নিয়ন্ত্রণ শিথিল করে অর্থনীতিকে আরও গতিশীল করার।

অর্থনীতিতে উদারীকরণ (লিবারালাইজেশন) প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, নিয়ন্ত্রণ শিথিল করার পাশাপাশি নীতিগত সংস্কার আনতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে, যাতে সবাই সমান অধিকার নিয়ে অর্থনীতিতে অংশ নিতে পারে। একই সঙ্গে নিশ্চিত করতে হবে যে, অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল কেবল একটি গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ না থেকে দেশের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছায়।

নতুন অর্থমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, এসব সংস্কার বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি আরও শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই হয়ে উঠবে।