জাতীয়
রমজানে বাজারে অস্থিরতা ও কালোবাজারি বরদাশত করা হবে না : ধর্মমন্ত্রী
রমজান মাসে বাজার অস্থিতিশীল করা বা কালোবাজারিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি বলেন, রমজানের পবিত্রতা রক্ষায় কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড বরদাশত করা হবে না।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর বায়তুল মোকাররম-এ ইসলামিক ফাউন্ডেশন-এর সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, “আমরা যদি আল্লাহর হুকুম অনুযায়ী চলি, তাহলে দেশে শান্তি আসবে। আল্লাহর হুকুমের বাইরে চললে দেশে কখনো শান্তি আসবে না।” তিনি আরও বলেন, তার বিশ্বাস- প্রধানমন্ত্রীর নেতৃত্বে কালোবাজারি ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। “আমাদের প্রধানমন্ত্রী এ ব্যাপারে অত্যন্ত কঠোর। তিনি জনগণের স্বার্থ ছাড়া আর কিছু বোঝেন না,”- বলেন কায়কোবাদ।
রমজান মাসের গুরুত্ব তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, এটি একটি পবিত্র ও সংযমের মাস। এই সময়ে তিনি সবাইকে ইবাদতে মনোনিবেশ করার আহ্বান জানান। “রমজান মাসে দুই রাকাত নফল নামাজ পড়ে দোয়া করবেন- আল্লাহ যেন আমাদের হেদায়েত করেন এবং আমরা যেন আল্লাহর হুকুম অনুযায়ী দেশ পরিচালনা করতে পারি,”- বলেন তিনি।
ধর্মমন্ত্রীর এই বক্তব্যে রমজানকে কেন্দ্র করে বাজার ব্যবস্থাপনা, নৈতিকতা ও জনস্বার্থ রক্ষায় সরকারের কঠোর অবস্থানের ইঙ্গিত মিলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।