জাতীয়
প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের চিঠি
বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৮ ফেব্রুয়ারি) পাঠানো এক চিঠিতে তিনি তারেক রহমানের ঐতিহাসিক বিজয়ের জন্য অভিনন্দন জানান এবং সাফল্য কামনা করেন।
চিঠিতে মার্কিন জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বলা হয়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক পারস্পরিক সম্মান ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে। বিশেষ করে একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শক্তিশালী ও সার্বভৌম রাষ্ট্রগুলোর সমৃদ্ধি নিশ্চিত করার বিষয়ে দুই দেশের সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়।
দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করে ট্রাম্প লেখেন, পারস্পরিক বাণিজ্য চুক্তির বাস্তবায়ন কৃষক ও শ্রমিকদের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে।
এ ছাড়া চলমান প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, নিয়মিত প্রতিরক্ষা চুক্তি সম্পন্নের মাধ্যমে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জন্য উচ্চমানের মার্কিন সরঞ্জামে প্রবেশাধিকার নিশ্চিত করা সম্ভব হবে।
চিঠির শেষাংশে দুই দেশের সম্পর্ক অতীতের যেকোনো সময়ের চেয়ে আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করা হয়। একই সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের প্রতি আস্থার কথাও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।