জাতীয়

টানা ২ দিন বৃষ্টির আভাস দিলো আবহাওয়া অধিদপ্তর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৯ এএম

টানা ২ দিন বৃষ্টির আভাস দিলো আবহাওয়া অধিদপ্তর
ছবিঃ সংগৃহীত

আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর ও জলবায়ু গবেষকদের দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত বুলেটিনে জানায়, আপাতত দেশের আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। ২০ ফেব্রুয়ারির পূর্বাভাসেও তাপমাত্রার বড় কোনো পরিবর্তনের আভাস দেওয়া হয়নি।

অন্যদিকে আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ এক ফেসবুক পোস্টে জানান, ২৩ ও ২৪ ফেব্রুয়ারি দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে খুলনা বিভাগের উপকূলীয় জেলাগুলো, বরিশাল বিভাগের সব জেলা এবং চট্টগ্রাম বিভাগের উত্তর দিকের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি থাকতে পারে।

উল্লেখ্য, এই বৃষ্টির ফলে তাপমাত্রায় সামান্য পরিবর্তন হতে পারে। তবে সামগ্রিকভাবে আগামী কয়েকদিন দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতের আবহাওয়া অপরিবর্তিত থাকবে।