জাতীয়

দোষী হলে দলমত না দেখে কঠোর ব্যবস্থা নিন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৪ পিএম

দোষী হলে দলমত না দেখে কঠোর ব্যবস্থা নিন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

দলমত নির্বিশেষে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, গত ১৭ বছরে দেশে যা ঘটেছে, তার পুনরাবৃত্তি যেন আর কোনোভাবেই না হয়-এ বিষয়ে প্রশাসনকে সতর্ক ও দৃঢ় ভূমিকা রাখতে হবে।

শুক্রবার বিকেলে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে জেলার সকল দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “যখন আইনশৃঙ্খলার প্রশ্ন আসে, তখন আপনাদের হার্ডলাইনে যেতে হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীও কঠোর অবস্থানে আছেন। আপনাদের দলমত দেখার কোনো প্রয়োজন নেই। কে বিএনপি করে, কে আওয়ামী লীগ করে, কে জামায়াত করে-তা বিবেচ্য নয়। কেউ যদি দোষী হয়, তাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।”

তিনি আরও বলেন, “আমি শক্তভাবে আপনাদের বলছি-দলমত দেখবেন না। যদি সত্যিকার অর্থে দুর্নীতি নির্মূল করতে চান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে চান, তাহলে নিরপেক্ষ অবস্থান থেকে সবাইকে সমান চোখে দেখে ব্যবস্থা নিতে হবে। এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে এবং সকল সংসদ সদস্যের পক্ষ থেকেও আপনারা পূর্ণ সহযোগিতা পাবেন।”

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জোর দিয়ে বলেন, “আপনারা নিরপেক্ষভাবে যারাই দোষী, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেবেন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে, বাংলাদেশে আমরা সেই পরিস্থিতির আর কোনো পুনরাবৃত্তি দেখতে চাই না।”

সভায় জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং আইনশৃঙ্খলা, প্রশাসনিক স্বচ্ছতা ও সুশাসন জোরদারে করণীয় বিষয়ে মতবিনিময় করেন।