জাতীয়

‘ইনকিলাব’ তো অন্য দিকের ভাষা, যারা আমাদের ভাষা কেড়ে নিতে চেয়েছিল: বিদ্যুৎমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫০ পিএম

‘ইনকিলাব’ তো অন্য দিকের ভাষা, যারা আমাদের ভাষা কেড়ে নিতে চেয়েছিল: বিদ্যুৎমন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, নিজের ভাষা ও ইতিহাস সম্পর্কে যথাযথ চর্চা না থাকায় জাতীয়তাবোধ দুর্বল হয়ে পড়ছে। তিনি বলেন, “ইনকিলাব তো অন্য দিকের ভাষা, যারা আমাদের ভাষা কেড়ে নিতে চেয়েছিল। এখন এটা নিয়ে ইয়াং জেনারেশন গর্ব করে। আমার রক্তক্ষরণ হয়।”

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, তিনি মুক্তিযুদ্ধে গিয়েছিলেন সমাজ পরিবর্তনের লক্ষ্যে। কিন্তু বর্তমানে সমাজ উল্টো পথে হাঁটছে বলে মন্তব্য করেন তিনি। তার ভাষায়, “যেসব শব্দের সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই, সেগুলোই আমাদের ছেলেদের ভাষা হয়ে যাচ্ছে।”

চব্বিশের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এরপরও ভাষা সুরক্ষায় যথেষ্ট যত্ন নেওয়া হয়নি। “যে জাতি তার নিজের ইতিহাস জানে না, সে জাতি কোনো দিন উন্নয়ন করতে পারে না,”।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ অনেকে।

আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।