জাতীয়

পুরোনো ঠিকানায় ফিরেছেন ড. মুহাম্মদ ইউনূস


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৭ পিএম

পুরোনো ঠিকানায় ফিরেছেন ড. মুহাম্মদ ইউনূস
নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৮ মাস পর আবারও নিজের কর্মস্থল ইউনূস সেন্টারে ফিরেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুরে টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টার–এ পৌঁছান তিনি।

এর আগে দেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে দায়িত্ব পালন করেন ড. ইউনূস। সেই দায়িত্ব শেষ করে পুনরায় নিজ প্রতিষ্ঠানে সক্রিয় হলেন তিনি।

সকালে ইউনূস সেন্টারে পৌঁছালে সহকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় গ্রামীণ পরিবারের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের পাশাপাশি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টারা উপস্থিত ছিলেন।

ড. ইউনূসের সঙ্গে এদিন উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম এবং এসডিজি–বিষয়ক সাবেক মুখ্য সমন্বয়ক ও ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ। পরে তাদের সঙ্গে এক বৈঠকে অংশ নেন তিনি।

উল্লেখ্য, ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেন ড. ইউনূস। তিনি জানান, চলতি মাসের শেষদিকে সরকারি বাসভবন যমুনা থেকে ঢাকার গুলশানে তার নিজ বাসভবনে ফেরার পরিকল্পনা রয়েছে।