জাতীয়

শিক্ষা ক্যাডারে ৩২৬ কর্মকর্তাকে প্রভাষক পদে পদায়ন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৬ এএম

শিক্ষা ক্যাডারে ৩২৬ কর্মকর্তাকে প্রভাষক পদে পদায়ন
ছবি: সংগৃহীত

৪৪তম বিসিএসের (সাধারণ শিক্ষা) মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ৩২৬ জন কর্মকর্তাকে দেশের বিভিন্ন সরকারি কলেজে প্রভাষক পদে পদায়ন করেছে সরকার।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়–এর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব মো. আ. কুদ্দুস।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)-এর সুপারিশ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়–এর নিয়োগ আদেশের প্রেক্ষিতে এসব কর্মকর্তাকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়েছে। নবনিযুক্ত কর্মকর্তারা ইতোমধ্যে তাদের অবহিতকরণ প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেছেন।

এতে আরও জানানো হয়, প্রাথমিকভাবে ৩৪৮ জন প্রার্থীকে পদায়নের জন্য সুপারিশ করা হলেও চূড়ান্তভাবে ৩২৬ জন কর্মকর্তা যোগদান করেন। জাতীয় বেতন স্কেল–২০১৫ অনুযায়ী তাঁদের দেশের বিভিন্ন সরকারি কলেজে প্রভাষক পদে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থলে ন্যূনতম দুই বছর দায়িত্ব পালন করতে হবে। এই সময়ের মধ্যে অন্য কোনো স্থানে বদলির আবেদন গ্রহণযোগ্য হবে না বলেও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট কলেজগুলোর অধ্যক্ষদের নির্দেশ দেওয়া হয়েছে, কর্মকর্তারা যোগদানের পর সে–সংক্রান্ত প্রতিবেদন আগামী ২৫ মার্চের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর–এ পাঠাতে হবে।

এ ছাড়া, কোনো কলেজে পদ শূন্য না থাকলে কিংবা পদায়ন সংক্রান্ত অন্য কোনো জটিলতা দেখা দিলে সংশ্লিষ্ট কর্মকর্তার যোগদানপত্র গ্রহণ করে তা জরুরি ভিত্তিতে মন্ত্রণালয়কে অবহিত করার নির্দেশও দেওয়া হয়েছে।