জাতীয়

অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫১ পিএম

অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

‘বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পর্দা উঠল বাঙালির প্রাণের আয়োজন অমর একুশে বইমেলা ২০২৬-এর।

বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী জ্ঞানভিত্তিক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করে বলেন, বইমেলা নতুন প্রজন্মের চিন্তা ও মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এবারের বইমেলা পবিত্র রমজান মাসে অনুষ্ঠিত হওয়ায় আয়োজনে রাখা হয়েছে বাড়তি প্রস্তুতি। ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখা ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

মেলা উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। যদিও সুনির্দিষ্ট কোনো হুমকির তথ্য নেই, তবুও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সরওয়ার জানিয়েছেন, মেলা প্রাঙ্গণ ও আশপাশে ২৪ ঘণ্টা নজরদারি থাকবে। বিতর্কিত বা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে—এমন কোনো প্রকাশনা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নিরাপত্তা নিশ্চিতে ডিবি, সিটিটিসি ও বোম্ব ডিসপোজাল ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।

মেলা চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যান চলাচল নির্বিঘ্ন রাখতে বিশেষ ট্রাফিক পরিকল্পনা নেওয়া হয়েছে। টিএসসি থেকে দোয়েল চত্বর পর্যন্ত সড়ক পরিস্থিতি অনুযায়ী খোলা বা বন্ধ রাখা হবে।

নীলক্ষেত, শাহবাগ ও দোয়েল চত্বরমুখী যানবাহনের জন্য নির্ধারিত ডাইভারশন রুট থাকবে। ফুলার রোড ও কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন এলাকায় অনুমোদিত পার্কিংয়ের ব্যবস্থা রাখা হলেও নো-পার্কিং জোনে গাড়ি রাখলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এবারের বইমেলাকে পলিথিন ও ধূমপানমুক্ত ঘোষণা করা হয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনস্বাস্থ্য রক্ষায় আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে। পুরো মেলা প্রাঙ্গণ সিসিটিভি ক্যামেরার আওতায় রাখা হয়েছে।

সব মিলিয়ে উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে পাঠকদের স্বাগত জানাতে প্রস্তুত এবারের বইমেলা।