জাতীয়

পুলিশ হত্যাকাণ্ডে তদন্ত সম্পন্ন, প্রয়োজনে পুনরায় তদন্ত হবে: মির্জা ফখরুল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০২ পিএম

পুলিশ হত্যাকাণ্ডে তদন্ত সম্পন্ন, প্রয়োজনে পুনরায় তদন্ত হবে: মির্জা ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

পুলিশ হত্যাকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে তদন্ত সম্পন্ন হয়েছে এবং ভবিষ্যতে প্রয়োজন দেখা দিলে পুনরায় তদন্ত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন, আপাতত সেটিই কার্যকর থাকবে। পাশাপাশি তিনি উল্লেখ করেন, বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জুমার নামাজ শেষে ঠাকুরগাঁও জেলা শহরের হাজীপাড়া এলাকায় স্থানীয়দের অর্থায়নে নির্মিত একটি হাফেজিয়া মাদরাসার চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এ সময় মির্জা ফখরুল বলেন, নির্বাচনের পর নিজ এলাকা ঠাকুরগাঁওয়ে এসে একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন। তিনি আল্লাহর কাছে দোয়া কামনা করে বলেন, মাদরাসাটির উন্নয়ন ও পরিচালনায় যেন সমাজের সব শ্রেণির মানুষ অংশগ্রহণ করতে পারে।

তিনি আরও বলেন, ঠাকুরগাঁওবাসীর প্রতি তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ। দীর্ঘদিন ধরে এ এলাকার মানুষ তাকে যে ভালোবাসা ও সমর্থন দিয়ে আসছেন, তার কারণেই তিনি জনসেবার সুযোগ পেয়েছেন। ভবিষ্যতেও এই সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান বিএনপির মহাসচিব।

স্থানীয় সরকারমন্ত্রী হিসেবে তিনি বলেন, নির্ধারিত সময় অনুযায়ীই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক ও শক্তিশালী করতে সরকার প্রয়োজনীয় সব কার্যক্রম ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।