জাতীয়

রমজানের পরেই সিটি করপোরেশন নির্বাচন: ইসি মাসউদ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৩:৩১ পিএম

রমজানের পরেই সিটি করপোরেশন নির্বাচন: ইসি মাসউদ
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ। ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ জানিয়েছেন, রমজানের পরেই স্থানীয় সরকার পর্যায়ে সিটি করপোরেশন নির্বাচনের ব্যবস্থা করা হবে।

রোববার (১ মার্চ) রিপোটার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই ঘোষণা দেন।

নির্বাচন কমিশনার মাসউদ বলেন, স্থানীয় সরকার নির্বাচন শিগগিরই অনুষ্ঠিত হবে এবং রমজানের পর থেকে সিটি করপোরেশন নির্বাচন কার্যক্রম শুরু হবে। তিনি এও জানান, এই প্রক্রিয়া বছরের বাকি সময় জুড়েও চলমান থাকবে।

স্থানীয় সরকার পর্যায়ে দলীয় প্রতীক থাকবে কি না, সে বিষয়ে এখনো সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় নির্বাচন কমিশন। তিনি উল্লেখ করেন, সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তবে নির্বাচন চলাকালে যে কোনো ঘাটতি বা সমস্যা ছিল তা কমিশন খতিয়ে দেখছে।

এসময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, কমিশনের কর্মকাণ্ড নিয়ে গঠনমূলক সমালোচনা অবশ্যই কাম্য, তবে নিরপেক্ষ ও দায়িত্বশীলভাবে সংবাদ পরিবেশন করা উচিত।