জাতীয়

বাংলাদেশসহ কয়েক দেশের অভিবাসী ভিসা বন্ধ করল যুক্তরাষ্ট্র


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০১:২৭ পিএম

বাংলাদেশসহ কয়েক দেশের অভিবাসী ভিসা বন্ধ করল যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বাংলাদেশসহ কয়েকটি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করেছে। এই সিদ্ধান্ত চলতি বছরের ২১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে।

ঢাকাস্থ মার্কিন দূতাবাস সোমবার (২ মার্চ) এক ফেসবুক পোস্টে জানিয়েছে, যেসব দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রে গিয়ে তুলনামূলকভাবে বেশি হারে সরকারি সহায়তা নেন, তাদের ক্ষেত্রে এই স্থগিতাদেশ প্রযোজ্য। তবে স্বল্পমেয়াদি সফর বা ভ্রমণের জন্য ভিজিটর ভিসার ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রভাবিত দেশগুলোর নাগরিকরা এখনও অভিবাসী ভিসার আবেদন জমা দিতে পারবেন এবং নির্ধারিত সাক্ষাৎকারে অংশ নিতে পারবেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর সাক্ষাৎকারের সময়সূচি ও অন্যান্য কার্যক্রম চালিয়ে যাবে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এই নীতির উদ্দেশ্য স্পষ্ট করেছেন—অভিবাসীরা অবশ্যই আর্থিকভাবে স্বনির্ভর হতে হবে এবং তারা যেন যুক্তরাষ্ট্রের করদাতাদের ওপর বোঝা না হন। এজন্য উচ্চ ঝুঁকিপূর্ণ দেশগুলোর নাগরিকদের স্ক্রিনিং ও যাচাই প্রক্রিয়া পুনর্বিবেচনা করা হচ্ছে।

২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে যেসব দেশের নাগরিকদের জন্য এই স্থগিতাদেশ কার্যকর হয়েছে, তাদের মধ্যে রয়েছে: বাংলাদেশ, আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামা, বার্বাডোস, বেলারুশ, ভুটান, বসনিয়া ও হার্জেগোভিনা, ব্রাজিল, মিয়ানমার, কম্বোডিয়া, কলম্বিয়া, কিউবা, মিশর, ইথিওপিয়া, ঘানা, হাইতি, ইরান, ইরাক, জর্ডান, লেবানন, লিবিয়া, নেপাল, নাইজেরিয়া, পাকিস্তান, রাশিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া, তানজানিয়া সহ আরও কয়েক ডজন দেশ।