জাতীয়
কেন্দ্রের টয়লেটে নকল পাওয়া গেলে কেন্দ্র কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী
এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, পরীক্ষাকেন্দ্রের টয়লেটে নকল পাওয়া গেলে সংশ্লিষ্ট কেন্দ্র কর্তৃপক্ষকে দায়ী করা হবে।
মঙ্গলবার (৩ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, নকল প্রতিরোধে দেশব্যাপী বিভিন্ন জেলায় মোটিভেশনাল সভা আয়োজন করা হবে। ঝুঁকিপূর্ণ পরীক্ষাকেন্দ্রগুলো পুনরায় তদন্ত করে হালনাগাদ তালিকা প্রস্তুতের নির্দেশও দেন তিনি। পরীক্ষায় অনিয়ম ঠেকাতে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে নকলের বিরুদ্ধে প্রয়োজনীয় আইন প্রণয়নের কথাও উল্লেখ করেন তিনি।
পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীদের যথাযথ বডি সার্চ নিশ্চিত করা এবং শিক্ষকদের সক্রিয় ভূমিকা জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া পরীক্ষা চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যম বা অনলাইন প্ল্যাটফর্মে প্রশ্ন বা সংশ্লিষ্ট কোনো কনটেন্ট ছড়িয়ে পড়লে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, মেধাভিত্তিক জাতি গঠনে পরীক্ষাব্যবস্থায় পরিবর্তন আনতে হবে এবং অটোপাসের সুযোগ আর রাখা হবে না। প্র্যাকটিক্যাল পরীক্ষায় গড় নম্বর দেওয়ার প্রচলিত প্রথা থেকে সরে এসে প্রকৃত মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় যেসব জেলায় জিলা স্কুল নেই সেখানে নতুন জিলা স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও তুলে ধরা হয়। এসব প্রতিষ্ঠানে প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠদান চালুর মাধ্যমে শিক্ষাব্যবস্থাকে আরও সমন্বিত ও শক্তিশালী করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ গ্রহণযোগ্য ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।