জাতীয়

দেশের ৬ জেলায় পুলিশে এসপি পদে রদবদল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৮:৫২ পিএম

দেশের ৬ জেলায় পুলিশে এসপি পদে রদবদল
ছবি: সংগৃহীত

দেশের ছয় জেলায় পুলিশ সুপার (এসপি) পদে রদবদল করেছে সরকার।

বুধবার (৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বগুড়া, সিলেট ও ময়মনসিংহসহ ছয় জেলার এসপি পদমর্যাদার ১০ জন কর্মকর্তাকে বদলি ও নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে। বদলিকৃত কর্মকর্তাদের দ্রুত নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

উপসচিব তৌছিফ আহমেদের সই করা আদেশে বলা হয়, বগুড়ার এসপি মো. শাহাদাত হোসেনকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এসপি করা হয়েছে। খাগড়াছড়ির এসপি মির্জা সায়েম মাহমুদকে বগুড়ার এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকারকে খাগড়াছড়ির এসপি এবং ময়মনসিংহের এসপি মো. মিজানুর রহমানকে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) এসপি হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়া, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুল হাসানকে ময়মনসিংহের এসপি করা হয়েছে। সিলেটের এসপি কাজী আখতার উল আলমকে এপিবিএনের এসপি হিসেবে বদলি করা হয়েছে। জামালপুরের এসপি ড. চৌধুরী মো. যাবের সাদেককে সিলেটের এসপি এবং ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোছা. ফারহানা ইয়াসমিনকে জামালপুরের এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, বরিশালের এসপি ফারজানা ইসলামকে নৌ পুলিশের এসপি এবং পুলিশ অধিদপ্তরের এআইজি এ জেড এম মোস্তাফিজুর রহমানকে বরিশালের এসপি হিসেবে পদায়ন করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।