জাতীয়

ছুটির দিনেও কার্যালয়ে ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ০৫:০৫ পিএম

ছুটির দিনেও কার্যালয়ে ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

সাপ্তাহিক ছুটির দিনেও সরকারি কাজকর্মে ব্যস্ত সময় পার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থিত হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠক করেন তিনি।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর টানা তৃতীয় শনিবারও কার্যালয়ে অফিস করেন তারেক রহমান। দুপুর ১২টার দিকে তিনি কার্যালয়ে পৌঁছান।

এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহার বৃদ্ধি ও বাজার সম্প্রসারণ নিয়ে বৈঠক করেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক কৃষিবিদ ড. নার্গীস আক্তার।

পরে দুপুর আড়াইটার দিকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যয় কমানো এবং কার্যকর জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।

এদিকে, সাপ্তাহিক ছুটির দিনেও প্রধানমন্ত্রীর কার্যালয়ে অন্যান্য কর্মকর্তারাও দায়িত্ব পালন করেন। তাদের মধ্যে ছিলেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং শিক্ষা ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা মাহদী আমিন।

এ ছাড়া প্রধানমন্ত্রীর প্রেস সচিব ছালেহ শিবলি, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

অন্যদিকে, আজ দেশের ওলামা-মাশায়েখ ও এতিমদের সম্মানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইফতার আয়োজন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কার্যালয়ের কাজ শেষে তিনি সেখানে যোগ দেবেন বলে জানা গেছে।