জাতীয়

জ্বালানি তেলের ডিপোয় সেনাবাহিনী ও ফিলিং স্টেশনে পুলিশ মোতায়েন করেছে সরকার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৯:২৭ এএম

জ্বালানি তেলের ডিপোয় সেনাবাহিনী ও ফিলিং স্টেশনে পুলিশ মোতায়েন করেছে সরকার
ছবি: সংগৃহীত

দেশে জ্বালানি তেলের মজুত নিয়ে ছড়ানো গুজব ও বাড়তি চাহিদার প্রেক্ষিতে তেলের ডিপো ও ফিলিং স্টেশনগুলোর নিরাপত্তা জোরদার করেছে সরকার। এ লক্ষ্যে বিভিন্ন জ্বালানি তেলের ডিপোয় সেনাবাহিনী এবং ফিলিং স্টেশন এলাকায় পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (৮ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের জ্বালানি তেলের ডিপোগুলো ‘কেপিআই’ বা গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে বিবেচিত হওয়ায় সেগুলোর নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ কারণে এসব ডিপোর সার্বিক নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজনীয়তার কথা জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

বিপিসির এক চিঠিতে উল্লেখ করা হয়, জ্বালানি তেলের মজুত পরিস্থিতি নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক তথ্য ছড়িয়ে পড়ায় অনেক ভোক্তার মধ্যে প্রয়োজনের তুলনায় বেশি তেল সংগ্রহের প্রবণতা দেখা যাচ্ছে। এর ফলে ডিলাররাও আগের তুলনায় বেশি পরিমাণ জ্বালানি তেল ডিপো থেকে উত্তোলনের চেষ্টা করছেন।

এছাড়া কিছু ভোক্তা ফিলিং স্টেশন থেকে অতিরিক্ত তেল কিনে অনুমোদনহীনভাবে মজুত করার চেষ্টাও করছেন বলে জানা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতোমধ্যে ফিলিং স্টেশনগুলো থেকে ভোক্তা পর্যায়ে তেল বিক্রির পরিমাণ সীমিত করে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে বিপিসি।

এদিকে বাড়তি চাপের কারণে বিভিন্ন ফিলিং স্টেশনে ক্রেতা ও কর্মচারীদের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে সারাদেশের ফিলিং স্টেশনের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি টহল জোরদারের প্রয়োজন রয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে বিপিসি।